৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে সক্রিয় রয়েছে দালাল চক্র। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে আশপাশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এ চক্রের সঙ্গে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের পাশাপাশি হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারী এবং নার্সের যোগসাজশ রয়েছে। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও স্বজনেরা পড়ছেন ভোগান্তিতে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় মেয়ের হাত ভাঙার পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন কৃষক মহিউদ্দিন। তবে হাসপাতালের প্রবেশপথেই এক দালালের খপ্পরে পড়েন তিনি। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই মহিউদ্দিন ও তাঁর পরিবারকে প্ররোচিত করে হাসপাতাল থেকে বের করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোগীর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক দালাল হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করেন। তাঁরা মূলত গ্রামাঞ্চল থেকে আসা সহজ-সরল রোগী ও তাঁদের স্বজনদের টার্গেট করেন। সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে নেতিবাচক কথা বলে ভয়ভীতি সৃষ্টি করেন। একপর্যায়ে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে যেতে প্ররোচিত করেন।

স্থানীয়দের দাবি, ৮ থেকে ১০ জনের একেকটি দলে ভাগ হয়ে দালাল চক্রের সদস্যরা এ তৎপরতা চালান। দিনে একাধিকবার তাঁরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে যোগাযোগ করেন। বিশেষ করে হাত-পা ভাঙাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার কথা বলে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, রোগীদের কাছ থেকে বেসরকারি ক্লিনিক কর্তৃপক্ষ যে অর্থ আয় করে, তার ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন পান দালালরা।

রোগীর স্বজনদের অভিযোগ, এ চক্রের সঙ্গে হাসপাতালের কিছু কর্মচারী ও নার্সের যোগসাজশ রয়েছে। এমনকি চিকিৎসকদের একটি অংশও পরোক্ষভাবে এ তৎপরতায় সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতালের দোতলার ১২ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন চরমোহনা এলাকার বাসিন্দা মিজানুর রহমান। সড়ক দুর্ঘটনায় তাঁর হাত ও মাথায় আঘাত লাগে। তিনি বলেন, ‘ছয় দিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছি। এখানকার চিকিৎসায় তেমন উন্নতি দেখছি না। আজ ঢাকার একটি হাসপাতালে চলে যাচ্ছি। এর মধ্যে অনেকেই আমাকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। অর্থাভাবে যাইনি। পরে জানতে পেরেছি, পরামর্শদাতাদের কেউ কেউ দালাল চক্রের সদস্য।’

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল এলাকায় দালালদের তৎপরতা দীর্ঘদিনের। গত ১৫ বছরে এখানে দালালবিরোধী কোনো অভিযান বা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়নি। তাঁদের দাবি, নিয়মিত অভিযান চালিয়ে দালালদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হলে রোগী হয়রানি অনেকটাই কমবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগ থেকে শুরু করে কেবিন, ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, অপারেশন থিয়েটার (ওটি) ও বহির্বিভাগ পর্যন্ত দালাল চক্রের সদস্যদের তৎপরতার অভিযোগ রয়েছে। উন্নত চিকিৎসার কথা বলে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্যও প্ররোচিত করা হয়। এতে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নজরদারি ও ১০ জন আনসার সদস্যের সহযোগিতায় আগের তুলনায় দালালদের তৎপরতা কমেছে। তবে রোগীদের অভিযোগ, কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান না থাকায় দালালদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ হচ্ছে না।

রায়পুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, ‘স্বাস্থ্যখাতে সেবা নিশ্চিত করা এবং রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি থেকে রক্ষায় প্রশাসন কাজ করছে। সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিভিন্নভাবে আশপাশের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেকোনো সময় সরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে।’

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাঈমা নুসরাত জাবিন মুঠোফোনে বলেন, ‘দালালদের বিষয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বর্তমানে নোয়াখালী সদরে বাসায় আছি। রায়পুরে এলে এ বিষয়ে কথা বলব।’

চিকিৎসক ও জনবলসংকটে বেহাল চিকিৎসাসেবা

প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসা ৫০ শয্যার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলের সংকটে হাসপাতালটির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে একজন শিশু বিশেষজ্ঞসহ মাত্র আটজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটির কার্যক্রম। সম্প্রতি আটজন চিকিৎসককে প্রেষণে সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চারজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন কর্মরত রয়েছেন।

হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিনটি এক মাস ধরে বিকল। আলট্রাসনোগ্রাফি মেশিনটিও প্রায় দুই বছর ধরে অচল। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়ায় শনিবার অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হয়েছে। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৪০০ রোগী চিকিৎসা নিতে আসেন। অথচ ৩২টি নার্সের পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৮ জন।

এ ছাড়া উপজেলার ২৮টি কমিউনিটি ক্লিনিক ও চারটি উপস্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসক ও জনবলসংকট রয়েছে। হাসপাতালে ১০টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০২৩ সালে হাসপাতালের ভেতরে চারজন চিকিৎসকের অংশগ্রহণে ৩০০ টাকা ফি নিয়ে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছিল। তবে চালুর পর কিছুদিন কার্যক্রম চললেও বর্তমানে তা বন্ধ রয়েছে।

চিকিৎসক ও জনবলসংকট, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি বিকল এবং দালালদের দৌরাত্ম্য—সব মিলিয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে এসে বিপাকে পড়ছেন সাধারণ রোগীরা। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সরকারি হাসপাতালের সেবার মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয়:

১

অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

২

৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

৩

লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

৪

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৫

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৬

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

৭

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

৮

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

৯

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাস চালানোয় উল্টে গেল বাস, নিহত ৩

১০

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১১

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

১২

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবককে গণপিটুনি

১৩

অগ্নিঝুঁকি নিয়েই ১১তলা গাজী কমপ্লেক্সের বেজমেন্টে মার্কেট, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

১৪

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সেরাদের তালিকায় রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৫

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় মাছ শিকারে নামছেন অর্ধলক্ষাধিক জেলে

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত