লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আফসার উদ্দিনের বিরুদ্ধে উন্নয়নমূলক প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দক্ষিণ চরবংশী ইউনিয়নের একটি উন্নয়ন প্রকল্পের ২ লাখ টাকার বরাদ্দ থেকে ৭০ হাজার টাকা কমিশন নেওয়ার অভিযোগ করেন ইউপি সদস্য আবুল হাসেম ও সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আবুল হাসেম ও সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে বিপুল পরিমাণ কমিশন দাবি করা হয়েছে। এ সময় তাদের অভিযোগের মুখে পড়েন ইউপি সচিব আফসার উদ্দিন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সচিব আফসার উদ্দিন বলেন, উন্নয়ন প্রকল্পগুলো রায়পুর উপজেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়। এসব প্রকল্পের সঙ্গে তিনি সম্পৃক্ত নন।
এ ঘটনায় উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে কমিশন নেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।