লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নতুন করে ৩৩ শয্যার মহিলা ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। তবে ৩৩টি শয্যা থাকলেও এখানে একযোগে ৬৫ জন নারী রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ও সার্জারি ওয়ার্ডটি উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহারুল আলম ওয়ার্ডটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরুপ পাল, সচেতন নাগরিক কমিটির লক্ষ্মীপুরের সাবেক সভাপতি অধ্যাপক জেড এম ফারুকী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, ডা. ইসমাইল হাসান, ডা. মাহবুব ফেরদৌস ও ডা. সোয়েব খন্দকার।
উদ্বোধন অনুষ্ঠানে ডা. বাহারুল আলম বলেন, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ৪২০ জন রোগী ভর্তি রয়েছেন, যা অত্যন্ত মানবেতর পরিস্থিতির সৃষ্টি করেছে। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইসোলেশন ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে মহিলা ওয়ার্ড হিসেবে চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন ওয়ার্ডটিতে ৩৩টি শয্যা রয়েছে। পাশাপাশি মেঝেতে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে অন্তত ৬৫ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।