পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রদল নেতারা অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা গাছের চারা রোপণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। প্রতিবছর এ ধরনের কর্মসূচি আয়োজনের দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, পৌর ছাত্রদল নেতা মো. ইব্রাহিম এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের জন্য তিনি আহ্বান জানান।
অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম বলেন, সারাদেশে সবুজায়নের অংশ হিসেবে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।