তৃতীয় বিয়ের খবর পেয়ে দুই বছরের সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে হাজির হয়েছেন দ্বিতীয় স্ত্রী জিহান আক্তার। অভিযোগ, তাঁর আসার খবর পেয়ে স্বামী রাজু ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এদিকে রাজুর মা সামনের দরজায় খিল দিয়ে দেওয়ায় ঘরে ঢুকতে পারেননি জিহান। পরে সন্তানকে নিয়ে কয়েক ঘণ্টা উঠানে অপেক্ষা করে ফিরে যান তিনি।
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিয়ার বাপের পুরাতন বাড়িতে।
জিহান আক্তার জানান, প্রায় পাঁচ বছর ধরে রাজুর সঙ্গে ঢাকায় ভাড়া বাসায় সংসার করছিলেন তিনি। তাঁদের দুই বছরের একটি ছেলে রয়েছে। তবে গত ছয় মাস ধরে রাজু তাঁর সঙ্গে যোগাযোগ ও খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন।
স্বামীর কোনো খোঁজ না পেয়ে গত ৮ আগস্ট দুই বছরের সন্তানকে নিয়ে রাজুর বাড়িতে যান জিহান। সেখানে গিয়ে জানতে পারেন, রাজু এরই মধ্যে তৃতীয় বিয়ে করেছেন।
জিহানের অভিযোগ, তিনি বাড়িতে আসার খবর পেয়ে রাজু ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। অন্যদিকে রাজুর মা সামনের দরজায় খিল দিয়ে দেন। ফলে ঘরে প্রবেশ করতে না পেরে সন্তানকে নিয়ে কয়েক ঘণ্টা বাড়ির উঠানে অপেক্ষা করেন জিহান। পরে বাধ্য হয়ে সেখান থেকে ফিরে যান তিনি।
স্থানীয়দের ভাষ্য, রাজু এর আগে আরও দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে রেখে তিনি প্রবাসে যান। প্রবাসে থাকা অবস্থায় জিহানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস পর দেশে ফিরে রাজু প্রথম স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন এবং জিহানকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।
বিয়ের পর কিছুদিন বাড়িতে থাকার পর রাজু জিহানকে নিয়ে ঢাকায় বাসা ভাড়া নেন। সেখানে তাঁরা প্রায় পাঁচ বছর বসবাস করেন। এর মধ্যে কিছুদিন আগে রাজু বাড়িতে এসে আবার বিয়ে করেন বলে অভিযোগ জিহানের।
এ বিষয়ে রাজুর পরিবারের কোনো সদস্য বক্তব্য দিতে রাজি হননি। অভিযোগের বিষয়ে রাজুর বক্তব্যও পাওয়া যায়নি।