বিগত ১৭ বছর স্বৈরাচার সরকার প্রশাসন ও পুলিশ বাহিনীকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচার সরকার পুলিশ প্রশাসনকে যেভাবে পরিচালনা করেছে, তাতে এই বাহিনীকে মূলত নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। তবে বর্তমান সরকার জনগণের কল্যাণে দেশ পরিচালনা করতে চায়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। দেশের স্বার্থে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের জন্য জনগণের কাছে জবাবদিহি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার অর্থ হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং তাদের কল্যাণে কাজ করা।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, অতীতে ক্ষমতাসীনদের মধ্যে জবাবদিহির অভাব ছিল। অনেক ক্ষেত্রেই তারা জনগণের স্বার্থ ও অধিকার উপেক্ষা করেছে। গণতন্ত্র, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা গেলে দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ আরও শক্তিশালী হবে।
বাজুসের সভাপতি এনামুল হক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাজুসের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমীর কর্মকার। এ সময় লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারসহ বাজুসের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।