বাবা দিনমজুরের কাজে বাইরে, আর মা ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাড়ির পুকুরে ডুবে তাওসিন নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারি (দিগন্ত) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাওসিন ওই গ্রামের দিনমজুর আলাউদ্দিনের ছেলে। সে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের সুনামগঞ্জ গ্রামে নানাবাড়ির এলাকার একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।
তাওসিনের পরিবার ফরিদগঞ্জের চরমান্দারি এলাকায় বসবাস করলেও দুর্গাপূজার ছুটিতে সে পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে তাওসিন নানাবাড়ির বসতঘরের পাশের পুকুরের ঘাটলায় যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে তার মা-বাবা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও উদ্ধার তৎপরতায় যোগ দেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পুকুর থেকে তাওসিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরাফাত মৃত ঘোষণা করেন।
এর আগে আরেক শিশুর মৃত্যু
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের একটি খাল থেকে হাসিব (৬) নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন ২১ অক্টোবর খালে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়েছিল। পরদিন তার মরদেহ ভেসে ওঠে। হাসিবও মায়ের সঙ্গে চরবংশী গ্রাম থেকে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।