লক্ষ্মীপুরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আল-আমিন একই এলাকার জাফর আহমেদের ছেলে। অভিযুক্ত ছোট ভাই বাবুর (১০) একটি পোষা পাখি ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাবুর পোষা পাখিটি একটি বিড়াল মেরে ফেলে। এতে সে সারাক্ষণ কান্নাকাটি করছিল। বিষয়টি নিয়ে বড় ভাই আল-আমিন তাকে কান্না থামাতে বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”