লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, রামগঞ্জে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ইনডোর ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, তরুণদের সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে উঠলে স্থানীয় যুবসমাজ খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হবে এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারবে।
এমপি সেলিম জানান, রামগঞ্জে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে। নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক মানের খেলা উপভোগের সুযোগ সৃষ্টি হওয়ায় ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন এসেছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত ইনডোর ক্রীড়া কমপ্লেক্স নির্মিত হলে এ অঞ্চলের খেলোয়াড়রা উন্নত পরিবেশে অনুশীলন ও প্রতিযোগিতার সুযোগ পাবে। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রও আরও সুদৃঢ় হবে।
বাট্টা ইউনিয়নে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।