লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনকে ঘিরে সভাপতি পদপ্রার্থী আল আমিনের নেতৃত্বে একটি বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ইউনিয়নের বিরাহিমপুর মোড় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি সম্মেলনস্থলের উদ্দেশ্যে একটি মিছিল বের করেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে সম্মেলনস্থল মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন স্লোগানে মুখর পরিবেশে আল আমিনের সমর্থকরা তাঁর প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন।
জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে বশিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এবার তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তিনি আলোচনায় রয়েছেন।
সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, একটি শক্তিশালী ও গতিশীল কমিটি গঠনের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে পুরো ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।