‘জহির’ পরিচয়ে একই ভবনে থাকতেন ঘাতক অন্তর মজুমদার

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদার সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন প্রতিবেশীরা। তাঁদের দাবি, অন্তর আগে ‘জহির’ নামে মুসলিম পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে একই ভবনে প্রায় এক বছর বসবাস করেছিলেন। ঘটনার দিনও তিনি নিজেকে কল ও পাইপলাইনের মিস্ত্রি পরিচয় দিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করেন।   প্রতিবেশী আফরোজা বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি জানালা দিয়ে অন্তরকে ঘরের ভেতরে হাতে একটি প্যান্ট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। সেখানে কী করছেন জানতে চাইলে অন্তর নিজেকে কল ও পাইপলাইন মেরামতের মিস্ত্রি বলে পরিচয় দেন।   আফরোজা বেগম বলেন, “ওর হাতে একটি প্যান্ট ছিল। বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হয়। ভাবলাম, শাহীনুর বাসায় নেই। কলের মিস্ত্রি পরিচয়ে এসে মেয়েদের সঙ্গে খারাপ কিছু করেছে কি না—এমন সন্দেহ হয়েছিল।”   তিনি আরও জানান, এর কিছুক্ষণ আগে ঘরের ভেতর থেকে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে তিনি জানালার কাছে ছুটে যান। শাহীনুর বেগমকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি।   আফরোজা বলেন, “প্রথমে চিৎকার শুনছিলাম, পরে হঠাৎ সব চুপ হয়ে যায়। অনেকক্ষণ পর জানালা দিয়ে দেখি একজন রান্নাঘরের দিকে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম, সে হয়তো শাহীনুরের ছেলে শিফাত। আমি ‘শিফাত’ বলে ডাকলেও কোনো উত্তর পাইনি। পরে জানালা বন্ধ করার শব্দ শুনে সন্দেহ আরও বেড়ে যায়।”   পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় আফরোজা বাইরে থেকে বাসার দরজা আটকে দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে মেঝেজুড়ে রক্ত এবং শাহীনুর বেগম ও তাঁর তিন মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।   এ সময় অভিযুক্ত অন্তর মজুমদার পালানোর চেষ্টা করে ভবনের ছাদে উঠে যান। স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দিলে গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।   রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার নদীপাড়ে এক স্কুলশিক্ষকের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হন শাহীনুর বেগম (৩৮) এবং তাঁর তিন মেয়ে সায়মা আক্তার (২০), ইকরা বেগম (১৭) ও সিপা (৯)। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। প্রায় ২৫-২৬ বছর ধরে পরিবারটি রায়পুরে ভাড়া বাসায় বসবাস করছিল।   অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্লাহ ইউনিয়নের চর বজলুল্লাহ গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, তিনি রায়পুরে ভাসমান ফল বিক্রেতা হিসেবে কাজ করতেন।   শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া...