প্রকাশ : ... | ... | ...

শিক্ষিকার বেত্রাঘাতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহত, ইউএনওকে অভিযোগ


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকার বেত্রাঘাতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, রোববার শ্রেণিকক্ষে পড়া না পারায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাওফিকা হাসনাতকে ডিস লাইনের তার দিয়ে তৈরি বেত দিয়ে মারধর করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্নি আক্তার। অভিযোগে বলা হয়, তিন পৃষ্ঠার পড়ার মধ্যে দুই পৃষ্ঠা পড়তে না পারায় তাওফিকার হাতে ওই বেত দিয়ে আঘাত করা হয়। এতে তার হাতে ব্যথা ও আঘাতের সৃষ্টি হয়। পরে সহপাঠীরা তার হাতে পানি ঢেলে ব্যথা কমানোর চেষ্টা করে। একপর্যায়ে শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ে তাওফিকা। এ সময় শিক্ষিকা শ্রেণিকক্ষ থেকে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীর মা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান। পরে সোমবার দুপুরে আহত শিক্ষার্থীর পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, সহকারী শিক্ষিকা মুন্নি আক্তার দীর্ঘদিন একই বিদ্যালয়ে কর্মরত থাকায় প্রভাব বিস্তার করেন। তিনি প্রায়ই শিক্ষার্থীদের মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে শিক্ষিকার মানসিক সমস্যা রয়েছে—এমন দাবির স্বাধীন কোনো সত্যতা পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দিলশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষিকা মুন্নি আক্তারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালা উদ্দিন বলেন, “ঘটনাটি সত্য। তবে সহকারী শিক্ষিকার এভাবে বেত্রাঘাত করা ঠিক হয়নি।”