রায়পুরে পাঠদানরত অবস্থায় শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে মারা গেছেন মাদরাসাশিক্ষক কারি মাওলানা ইব্রাহিম। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার মধ্য সাগরদি হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। মাদরাসার শিক্ষকরা জানান, প্রতিদিনের মতো শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন কারি ইব্রাহিম। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, কারি ইব্রাহিম দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কোরআন শিক্ষাদানের সঙ্গেও যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জোহরের নামাজের পর মধ্য সাগরদি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ নিজ বাড়ি নোয়াখালীর সোনাপুরের চর লরেন্স এলাকায় নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মাদরাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, ‘কারি ইব্রাহিম প্রায় ২০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের মাদরাসায় শিক্ষকতা করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ শিক্ষক ও সজ্জন মানুষকে হারালাম। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’ সাগরদি গ্রামের বাসিন্দা ও সংবাদকর্মী আবদুল করিম বলেন, ‘ইব্রাহিম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক। কর্মস্থলে পাঠদানরত অবস্থায় তাঁর মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’