লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ওই যুবক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজারে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. ইমন খান (২৫)। তিনি উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকন আমিনের ছেলে। তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। স্থানীয় লোকজনের ভাষ্য, ঘটনার সময় কয়েকজন যুবক ব্যাংকের আশপাশে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে একজন বোতলে থাকা পেট্রোল ব্যাংকের গেটে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ইমন খানকে আটক করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ইমন খানসহ আরও কয়েকজন যুবকের উপস্থিতি দেখা গেছে বলে জানা গেছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় ইমনের সম্পৃক্ততার বিষয়ে তাঁর বা তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন খানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে রায়পুর থানা ভবনের পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের একটি কক্ষ থেকে দুটি চকলেট বাজি নিক্ষেপের পর পালানোর সময় দুই ছাত্রলীগ কর্মী লাবিব ও জিহাদকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।