প্রকাশ : ... | ... | ...

রামগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা


সংযুক্ত ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের অবদান স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং সংসদীয় স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয়ের সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য ভিপি আবদুর রহিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ মামুনুল হক এবং রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু হোসেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আহত যোদ্ধাদের সাহসিকতা ও ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা রয়েছে। তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি আহত যোদ্ধাদের পুনর্বাসন এবং কল্যাণে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।