লক্ষ্মীপুরে যাত্রীদের বারবার নিষেধ সত্ত্বেও দ্রুতগতিতে বাস চালানোর কিছুক্ষণের মধ্যেই উল্টে যায় একটি যাত্রীবাহী বাস। এতে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা মানছুরা বেগম ও বাবুল হোসেন রয়েছেন। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর জানান, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। আহত যাত্রী আব্দুর রহমান জানান, যাত্রীরা বারবার চালককে গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন। এর কিছুক্ষণ পরই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।