প্রকাশ : ... | ... | ...

লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরে মেজবাহ উদ্দিন হেলাল ওরফে ভিপি হেলালকে অপহরণ করে মারধর ও গণপিটুনির চেষ্টা করার অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত আরও ১০ থেকে ১২ জন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২১ অক্টোবর রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লক্ষ্মীপুরের ঝুমুর মোড় থেকে ইকোনো পরিবহনের একটি বাস থেকে এক ব্যক্তিকে নামিয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি অন্যত্র নিয়ে গেছেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর তেমুহনী এলাকায় লিল্লাহ মসজিদসংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে মেজবাহ উদ্দিন হেলালকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঝুমুর মোড়ে বাস থেকে নামিয়ে তাঁকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে উত্তর স্টেশন এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মারধর করা হয় এবং গণপিটুনির চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল ওরফে ভিপি হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি যুবলীগের নেতা বলে জানা গেছে। অন্যদিকে, গ্রেপ্তার জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আবু সাঈদের ছেলে। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।