লক্ষ্মীপুরে মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজের নেতৃত্বে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ি এবং মাদক সেবনের বিভিন্ন স্পটে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অভিযানের শুরু থেকেই প্রতিটি মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওসি ওয়াহিদ পারভেজ। তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে জনসচেতনতামূলক বক্তব্য দেন এবং মাদক নির্মূলে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এসব অভিযানে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”