চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। সোমবার (৩ আগস্ট) সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। ছাত্রদল নেতারা জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাঈল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিরব, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণসহ জেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পথচারীরাও অংশ নেন। কর্মসূচিতে ছাত্রদলের নেতারা বলেন, ‘ছাত্রদল সবসময় জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে এসেছে। জুলাইয়ের আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই শহীদদের স্মরণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে আমরা জুলাইয়ের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।’