প্রকাশ : ... | ... | ...

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে হাতল না চেপেই নলকূপ থেকে স্বয়ংক্রিয়ভাবে বের হচ্ছে পানি। সেই সঙ্গে নির্গত হচ্ছে গ্যাসও। এক সপ্তাহ ধরে এমন ঘটনা ঘটছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নলকূপটি দেখতে ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার কৌতূহলী মানুষ। ঘটনাটি ঘটেছে উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালি কলোনিতে। ওই এলাকার বাসিন্দা মো. আবদুল্যাহর বসতবাড়ির একটি নলকূপ থেকে অনবরত পানি ও গ্যাস বের হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্যাহর বাড়িতে নতুন নলকূপ স্থাপনের পর থেকেই দেখা দেয় এ ব্যতিক্রমী ঘটনা। নলকূপের হাতলে কোনো চাপ না দিলেও পাইপ দিয়ে তীব্র বেগে পানি বের হতে থাকে। একই সঙ্গে বের হতে থাকে গ্যাস। নলকূপের মুখে আগুন ধরালে গ্যাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। নলকূপের মালিক মো. আবদুল্যাহ জানান, প্রায় দুই মাস আগে বসতঘরের সামনে নলকূপটি স্থাপন করেন তিনি। তবে স্থাপনের পর থেকে চাহিদা অনুযায়ী পানি পাওয়া যাচ্ছিল না। এ কারণে নলকূপটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। এরই মধ্যে হঠাৎ এক সপ্তাহ আগে নলকূপ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে শুরু করে। পানির সঙ্গে গ্যাসও নির্গত হচ্ছে। বর্তমানে নলকূপের মুখ দিয়ে ঝরনার মতো পানি বের হচ্ছে। বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকা ও চরাঞ্চল থেকে শত শত মানুষ তা দেখতে আসছেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, উপকূলীয় রামগতি অঞ্চলের ভূগর্ভে গ্যাসের স্তর থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে সাধারণত ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে পানির স্তর ওপরে উঠে আসে। এতে ভূগর্ভে পানির চাপ তৈরি হতে পারে। ফলে নলকূপের হাতলে চাপ না দিলেও পানি বের হয়ে আসতে পারে। তবে পানির সঙ্গে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।