লক্ষ্মীপুরের রায়পুরে শাহী হোটেল দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক। পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন—রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সল হোসেন ওরফে শাহরিয়ার ফয়সল, উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষক দলের সদস্য জামাল হোসেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রায়পুর বাজারের ট্রাফিক মোড় এলাকায় শাহী হোটেল দখলের চেষ্টা এবং হোটেলের মালিক হাবিব উল্যাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ৮ জুলাই হাবিব উল্যা বাদী হয়ে রায়পুর আদালতে মামলা করেন। মামলায় ফয়সলসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। আদালত সূত্র জানায়, পুলিশি প্রতিবেদন পাওয়ার পর সোমবার মামলাটি আমলে নিয়ে বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি