প্রকাশ : ... | ... | ...

পাহারাদারদের ম্যানেজ করে মেঘনায় চলছে পোনা নিধন!


সংযুক্ত ছবি

ইলিশের পোনা ও জাটকা সংরক্ষণে ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তবে এ নিষেধাজ্ঞার মধ্যেই লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ খুঁটি ও সূক্ষ্ম ফাঁসের জাল দিয়ে অবাধে নিধন করা হচ্ছে ইলিশের পোনা ও জাটকা। অভিযোগ উঠেছে, নদীতে মাছের পোনা রক্ষার দায়িত্বে থাকা একশ্রেণির পাহারাদারকে ম্যানেজ করে এবং প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে চলছে এ ধ্বংসযজ্ঞ। শুধু নদীতেই নয়, রায়পুর, সদর, রামগতি ও কমলনগরের বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। স্থানীয়দের আশঙ্কা, মেঘনায় প্রতিদিন বিপুল পরিমাণ ইলিশের পোনা ও অন্যান্য প্রজাতির মাছের রেণু নিধন অব্যাহত থাকলে আগামী মৌসুমে ইলিশ আহরণে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। নদীতে ছোট ফাঁসের জালের অবাধ ব্যবহার মাছের স্বাভাবিক প্রজনন, বংশবিস্তার ও বংশধারা টিকিয়ে রাখার ক্ষেত্রে মারাত্মক হুমকি তৈরি করছে। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নির্ধারিত মাপের চেয়ে ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ শিকার দণ্ডনীয় অপরাধ। অথচ মেঘনার লক্ষ্মীপুর অংশে আধা ইঞ্চিরও কম থেকে পৌনে এক ইঞ্চি ফাঁসের জাল ব্যবহার করে নির্বিচারে মাছের পোনা নিধন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের জেলে মফিজ মাঝি বলেন, নদীতে সরকারি পাহারাদারদের ম্যানেজ করে তাঁদের চোখের সামনেই প্রতিদিন খুঁটিতে বাঁধা জাল, সাইনজাল, বেহুন্দি জাল ও কারেন্ট জাল দিয়ে মাছের পোনা ধ্বংস করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় পাঁচ শতাধিক নৌকা প্রতিদিন এসব নিষিদ্ধ জাল ব্যবহার করে মেঘনায় মাছ শিকার করছে। এসব সূক্ষ্ম ফাঁসের জালে ইলিশের পোনার পাশাপাশি পোয়া, তপসি, টেংরাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা আটকা পড়ে মারা যাচ্ছে। স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশকর্মীদের অভিযোগ, নদীতে পোনা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের যথাযথ নজরদারি না থাকায় জেলেরা বেপরোয়া হয়ে উঠেছেন। জেলা ও উপজেলা মৎস্য কার্যালয়ে জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এর সুযোগে নদীর পাশাপাশি বিভিন্ন হাটবাজারেও প্রকাশ্যে জাটকা বিক্রি হচ্ছে। অবিলম্বে অবৈধ মাছ শিকার ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তাঁদের। অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, নদীতে অবৈধ জাল ব্যবহার ও জাটকা নিধন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জেলা ও উপজেলা মৎস্য কার্যালয়ে জনবল এবং নৌযানের সংকট থাকায় বিশাল নদীপথের সব এলাকায় একযোগে নজরদারি করা কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, সোমবার ভোরে সদর উপজেলার কাটাখালী মেঘনা নদীর অংশে কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা প্রায় এক কিলোমিটার দীর্ঘ খুঁটি জালসহ মাছ শিকারের অবৈধ স্থাপনা জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস এবং খুঁটি কেটে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এসব অবৈধ মাছ শিকারির মধ্যে ভোলা ও লক্ষ্মীপুরের লোকজন রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কারও বিরুদ্ধে অসাধু জেলেদের সঙ্গে আঁতাতের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।