লক্ষ্মীপুরের নতুন উপজেলা চন্দ্রগঞ্জের প্রশাসনিক কার্যক্রম ও অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হবে শুক্রবার (২৪ জুলাই)। উদ্বোধন করবেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার সকাল ১১টায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশে চন্দ্রগঞ্জ উপজেলার বটতলী এলাকায় অবস্থিত ওজিফা টাওয়ার ভবনে আনুষ্ঠানিকভাবে উপজেলার কার্যক্রমের উদ্বোধন হবে। অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার বিভাগের গেজেট অনুযায়ী, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে গত ৪ জুন লক্ষ্মীপুর জেলায় 'চন্দ্রগঞ্জ' নামে নতুন উপজেলা গঠন করে সরকারি গেজেট প্রকাশ করা হয়। নতুন উপজেলার আয়তন ১৩৫ দশমিক ০৮ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৩ লাখ ৪ হাজার ৯১ জন এবং সাক্ষরতার হার ৬৫ দশমিক ২০ শতাংশ। এ উপজেলার সংসদ সদস্য লক্ষ্মীপুর-৩ আসনের এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। গেজেট অনুযায়ী, জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদনের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে। ইউনিয়নগুলো হলো— বশিকপুর, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী, উত্তর জয়পুর ও কুশাখালী। সরকারি গেজেটে বলা হয়েছে, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, জনসংখ্যার চাপ কমানো এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে উপজেলার সীমানা নির্ধারণ, প্রশাসনিক কাঠামো গঠন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রয়োজনীয় অবকাঠামোও পর্যায়ক্রমে স্থাপন করা হবে। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, নতুন উপজেলা প্রতিষ্ঠার ফলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। পাশাপাশি জনগণের সরকারি সেবা গ্রহণে সময় ও ব্যয় কমবে এবং প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও সম্প্রসারিত হবে। চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, "সদর উপজেলা থেকে পৃথক করে চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"