প্রকাশ : ... | ... | ...

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সেরাদের তালিকায় রায়পুরের কাজী ফারুকী কলেজ


সংযুক্ত ছবি

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা ও উত্তীর্ণ শিক্ষার্থীর বিবেচনায় প্রতিষ্ঠানটি বোর্ডের সেরাদের তালিকায় রয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ নুরুল আমিন এ তথ্য জানান। তিনি বলেন, এ বছর প্রতিষ্ঠান থেকে ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। পরীক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার বিবেচনায় কুমিল্লা বোর্ডে প্রতিষ্ঠানটি সেরাদের তালিকায় রয়েছে এবং লক্ষ্মীপুর জেলায় প্রথম হয়েছে। বোর্ডের কয়েকটি প্রতিষ্ঠানে মাত্র একজন বা দুজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হওয়ায় সেসব প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ হয়েছে। তবে পরীক্ষার্থী ও উত্তীর্ণের সংখ্যার বিবেচনায় তাঁদের প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে। কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তীর্ণ ৩৬৮ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৮ জন, মানবিক বিভাগে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন রয়েছে। এ ছাড়া এ গ্রেড পেয়েছে ১৮৬ জন, এ মাইনাস ১১৮ জন, বি গ্রেড ৩৭ জন এবং সি গ্রেড পেয়েছে ৩ জন। অন্যদিকে, লক্ষ্মীপুর সরকারি কলেজে পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১২১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৬৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। লক্ষ্মীপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৪ জন।