প্রকাশ : ... | ... | ...

২০ আগস্ট শুরু হচ্ছে দেশের প্রথম নৌযান শুমারি


সংযুক্ত ছবি

নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নৌযান-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সমন্বিত ডাটাবেজ তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো নৌযান শুমারি পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এ শুমারি পরিচালনা করা হবে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে শুমারির কার্যক্রম পরিচালনা করবে। শুমারির মাধ্যমে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে বলে সভায় জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ও জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মো. কামাল হোসেন। সভায় নৌযান শুমারির কার্যক্রম সফল করতে নৌযান মালিক, চালকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা কামনা করা হয়।