প্রকাশ : ... | ... | ...

লক্ষ্মীপুরে ‘ইত্যাদি’র বিশেষ পর্বের ধারণ আজ, উৎসবমুখর পরিবেশ


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরে ইতিহাসের সাক্ষী হতে চলেছে এক বিশেষ সন্ধ্যা। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ও দীর্ঘদিনের দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর বিশেষ পর্ব এবার ধারণ করা হচ্ছে লক্ষ্মীপুরে। শনিবার (১৮ জুলাই ২০২৬) লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানের ধারণকাজ। সকাল থেকেই লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরসহ জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের এলাকা থেকে দর্শনার্থীরা অনুষ্ঠানস্থলে ভিড় করতে শুরু করেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন ধরে ‘ইত্যাদি’ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, গ্রামীণ জীবন, সামাজিক সচেতনতা, হাস্যরস ও দেশপ্রেমকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে দর্শকদের কাছে সমাদৃত। সেই বহুল জনপ্রিয় অনুষ্ঠানের ধারণ লক্ষ্মীপুরে হওয়ায় জেলার মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে মাঠজুড়ে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন। স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় পর্যায়ের এই জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ্মীপুরের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনা দেশব্যাপী আরও ব্যাপকভাবে পরিচিতি লাভ করবে। একই সঙ্গে জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।