প্রকাশ : ... | ... | ...

অগ্নিঝুঁকি নিয়েই ১১তলা গাজী কমপ্লেক্সের বেজমেন্টে মার্কেট, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা


সংযুক্ত ছবি

| ছবি: রায়পুর থানা মসজিদের সামনে অ-পরিকল্পিত ভাবে নির্মাণ করা অগ্নিঝুকিপুর্ণ ১১তলা বিশিষ্ট গাজি কমপ্লেক্স ভবন

লক্ষ্মীপুরের রায়পুর শহরের ১১তলা বিশিষ্ট গাজী কমপ্লেক্সে একের পর এক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ। সর্বশেষ বুধবার রাতে ভবনটিতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও একটি ট্রাভেলস প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও অর্ধশতাধিক পরিবারের সদস্যরা। সংশ্লিষ্টদের আশঙ্কা, ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও নির্মাণগত ত্রুটি দূর করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের অভিযোগ, প্রায় চার বছর আগেও ভবনটিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। এরপরও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফায়ার সার্ভিসের একাধিকবার সতর্কতা ও নোটিশ দেওয়ার পরও ভবনের বেজমেন্টে দোকানপাট বসিয়ে চলছে ব্যবসা-বাণিজ্য। অপরিকল্পিত নির্মাণ, বৈদ্যুতিক তারের জটলা এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জামের অভাব পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সোমবার (২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, রায়পুর থানা থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত গাজী কমপ্লেক্স ছাড়াও মিয়াজী মার্কেট, গাজী মার্কেট, সরকারি মার্চেন্টস একাডেমির সামনের নিউ মার্কেট, পশু হাসপাতালের সামনের আকবর আলী সুপার মার্কেট এবং প্রধান সড়কের রহিম মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই ব্যবসা পরিচালিত হচ্ছে। এসব মার্কেটের মধ্যে অপরিকল্পিতভাবে নির্মিত ১১তলা গাজী কমপ্লেক্সকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি নির্গমন পথ ও বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে এসব মার্কেটে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বেজমেন্টে মার্কেট, অনুমতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পৌরসভা কর্তৃপক্ষের দাবি, ভবনের আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্টে দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব স্থান গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত। অথচ গাজী কমপ্লেক্সের বেজমেন্টে দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন দোকানপাট। গাজী কমপ্লেক্সের সভাপতি আরিফ হোসেন দাবি করেন, অনুমতি নিয়েই সেখানে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। অনুমতি ছাড়া কোনো দোকান বসানো হয়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিঝুঁকি নিরসনে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে এখনও কাজ চলছে। ব্যবসায়ীদের প্রতিটি দোকানে অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভবনটির নিচতলার পাঁচজন ব্যবসায়ী জানান, অনুমতি ছাড়াই বছরের পর বছর বেজমেন্টে ব্যবসা পরিচালিত হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটলেই কেবল ঝুঁকির বিষয়টি সামনে আসে। এর আগে এসব বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তার ও বৈদ্যুতিক সরঞ্জামের জটলা, আতঙ্ক নিয়েই ব্যবসা গাজী কমপ্লেক্সের বেজমেন্টে সিঁড়ির নিচে বিভিন্ন ইলেকট্রিক পণ্য বিক্রি করেন শরীফ হোসেন। তাঁর দোকানের ঠিক ওপরেই রয়েছে বৈদ্যুতিক তার ও বিভিন্ন কেবলের জটলা। অগ্নিঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও প্রতিদিন সেখানেই ব্যবসা করছেন তিনি। শরীফ হোসেন বলেন, এখানে অনেক ব্যবসায়ী ব্যবসা করছেন। তাঁরা এখন কোথায় যাবেন? ঝুঁকি ও আতঙ্ক দুটোই রয়েছে। কিছুদিন আগে ফায়ার সার্ভিসের লোকজন এসে সতর্ক করে গেছেন। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রাখার নির্দেশনাও দিয়েছেন। ২০-২৫টি মার্কেট ঝুঁকিতে, বলছে ফায়ার সার্ভিস রায়পুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার জসিম উদ্দিন বলেন, সম্প্রতি রায়পুর শহরের বিভিন্ন মার্কেট পরিদর্শন করা হয়েছে। যেসব মার্কেটে অগ্নিনিরাপত্তার ঘাটতি রয়েছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে গাজী কমপ্লেক্সের বেজমেন্টসহ পুরো ভবনটি বেশি ঝুঁকিপূর্ণ। এ ছাড়া আরও ২০ থেকে ২৫টি মার্কেটে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। তিনি বলেন, অগ্নি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা সরঞ্জাম স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। ভবনের অন্যান্য নির্মাণগত ও অনুমোদনসংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষ দেখবে। বেজমেন্টে ব্যবসা অবৈধ, বলছে পৌরসভা রায়পুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজনুন্নাহার বলেন, আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্টে মার্কেট স্থাপন করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব স্থান শুধু গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত। গাজী কমপ্লেক্সের বেজমেন্টে যারা ব্যবসা করছেন, তারা পৌরসভার নিয়মের বাইরে গিয়ে ব্যবসা পরিচালনা করছেন। পৌরসভার অনুমতি ছাড়াই সেখানে মার্কেট গড়ে তোলা হয়েছে। পৌরসভা কেন এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা পৌরসভার উন্নয়ন নিয়ন্ত্রণ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা অগ্নিনিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আবদ্ধ ও বায়ু চলাচল সীমিত এমন স্থানে দাহ্য গ্যাস জমে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে বেজমেন্টে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে ঝুঁকি আরও বাড়ে। সেখানে বৈদ্যুতিক ত্রুটি বা আগুনের সংস্পর্শে দাহ্য পদার্থ কিংবা গ্যাস থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটতে পারে। এদিকে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার একাংশ) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অন্যতম বড় ভবন রায়পুরের গাজী কমপ্লেক্স অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। যেকোনো সময় সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, শুধু সতর্কতা বা নোটিশ দিয়ে নয়, ঝুঁকিপূর্ণ বেজমেন্টের ব্যবসা বন্ধ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং ভবনের নির্মাণ ও ব্যবহারসংক্রান্ত অনুমোদন যাচাই করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বড় কোনো দুর্ঘটনার পরই হয়তো টনক নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।