প্রকাশ : ... | ... | ...

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু


সংযুক্ত ছবি

আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আর নেই। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আবাহনী লিমিটেডের ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অ্যাডমিনিস্ট্রেটর আশিক রায় চৌধুরী সাংবাদিকদের জানান, সোমবার রাতে হারুনুর রশিদ মারা গেছেন। মঙ্গলবার বাদ জোহর আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামে নিজেদের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তিনি রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদের বড় ভাই। ১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরের রায়পুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশিদ। ক্রীড়াঙ্গনে তিনি ‘হারুন ভাই’ নামেই বেশি পরিচিত ছিলেন। বাংলাদেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনের ইতিহাসে তাঁর অবদান উল্লেখযোগ্য। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের ফুটবলে নতুন অধ্যায় সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আবাহনীর পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন হারুনুর রশিদ। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিকবার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও ছিল তাঁর পরিচিতি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও। এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ডও অর্জন করেন এই ক্রীড়া সংগঠক। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে পেয়েছেন সেরা সংগঠকের সম্মাননা। ২০২৩ সালে বিএসপিএর প্রথম ‘কায়সার সিনহা সংগঠক পুরস্কার’ও অর্জন করেন তিনি। ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশিদ। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই আসনটি আগে ছিল তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দখলে। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এর মধ্যে লক্ষ্মীপুর-২ আসনও ছিল। পরে তিনি ফেনী-১ আসনটি রেখে অন্য আসনগুলো ছেড়ে দিলে লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হারুনুর রশিদ সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজনীতিতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও দেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনে দীর্ঘ কর্মজীবন এবং সাংগঠনিক অবদানই তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে একজন অভিজ্ঞ সংগঠকের অবসান ঘটল।