লক্ষ্মীপুরে ২০০ টাকা করে পরীক্ষার ফি দিয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রায়পুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রসহ পাঁচ উপজেলার ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষার আয়োজন করে রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকার পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন আল ফারাদী ফাউন্ডেশন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে সদর, রামগতি, রায়পুর, কমলনগর ও রামগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে ২০০ টাকা করে ফি জমা দিতে হয়েছে। পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ল্যাপটপ। এ ছাড়া ২০০ শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ এবং সাধারণ গ্রেডে উত্তীর্ণদেরও পুরস্কৃত করা হবে। রায়পুরের আল ফারাদী গার্লস মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুল আজীজ ইসমাঈলী বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা যেন নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আল ফারাদী গার্লস মাদ্রাসার চেয়ারম্যান ড. মুসলেহ উদ্দীন আল ফারাদী মোবাইল ফোনে বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি পড়ালেখায় আগ্রহী করে তুলতেই এ বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য এটি একটি বড় সুযোগ। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রসঙ্গত, রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকার লন্ডনপ্রবাসী শিক্ষাবিদ ড. মুসলেহ উদ্দীন আল ফারাদী ২০২৩ সালে আল ফারাদী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি হিফজ প্রতিষ্ঠান, এতিমখানা ও মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। বর্তমানে তিনি লন্ডনে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।