প্রকাশ : ... | ... | ...

পরিচয় গোপন করে তিন মাস ধরে রায়পুরে আত্মগোপনে ছিলেন ‘জঙ্গি মামুন’


সংযুক্ত ছবি

উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘জঙ্গি মামুন’ পরিচয় গোপন করে প্রায় তিন মাস ধরে লক্ষ্মীপুরের রায়পুরে আত্মগোপনে ছিলেন। স্থানীয় লোকজনের হাতে আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন বলে পরিচয় দেন তিনি। পরে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর প্রকৃত পরিচয় জানতে পারে পুলিশ। তাঁর ভাড়া বাসার উঠানের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তাঁর আরও ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালতে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। এ সময় ইউনিয়নের এক ওয়ার্ড বিএনপি নেতাসহ তিনজনকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করলে পালানোর চেষ্টায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, আটকের পর ওই ব্যক্তি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত ১৭ নভেম্বর তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রায়পুর থানায় জিজ্ঞাসাবাদ ও রিমান্ডে থাকা অবস্থায় তাঁর প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘জঙ্গি-বোমারু মামুন’ নামে পরিচিত। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামুনের ভাড়া বাসার উঠানের মাটির নিচে একটি গর্ত থেকে ১১টি আইইডি উদ্ধার করা হয়। পরে ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে। বিস্ফোরক আইনে করা দুটি মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আরও ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের প্রায় তিন মাস আগে পরিচয় গোপন করে ওই বাড়ি ভাড়া নেন মামুন। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে বসবাস করতেন তিনি। বাড়ির মালিককে তাঁরা জানিয়েছিলেন, মেঘনার চর এলাকায় একটি পোলট্রি খামার গড়ে তুলবেন। জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন মামুন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, মামুন নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তাঁর সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন তাঁরা। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব ঘটনার মধ্যে রয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এক ব্যক্তি। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে বোমা উদ্ধার করা হয়।