| ছবি: লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্যাহ
২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন এসেছে। নতুন জেলা আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারণায় ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’—এমন মন্তব্য করে আলোচনার পাশাপাশি সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আমিরের নাম ঘোষণা করা হয়। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে সমালোচিত হন এ আর হাফিজ উল্লাহ। ওই বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা কী কী কারণে সওয়াবের ভাগী হবেন—এই দেওয়ার কারণে, আপনারা আল্লাহর পক্ষে দিছেন, পবিত্র কোরআনের পক্ষে দিছেন; আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর আমি বলি, যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিবে, তারা গুনাহগার হবে।’ তাঁর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগ তুলে বিভিন্ন মহল থেকে তাঁর বক্তব্যের সমালোচনা করা হয়। এ বিষয়ে সে সময় জানতে চাইলে এ আর হাফিজ উল্লাহ বলেছিলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি। আবার অনেক সময় আমার বক্তব্য খণ্ডিতভাবেও উপস্থাপন করা হয়।’ নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ আর হাফিজ উল্লাহ এ প্রতিবেদককে বলেন, ‘দলের পক্ষ থেকে জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলকে শক্তিশালী করতে কাজ করে যাব।’