লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান কিংবা পূর্ণাঙ্গ দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রম। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা ও জন্মনিবন্ধনের রেজিস্টার আইডি সক্রিয় না থাকায় দুই ইউনিয়নের বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত ২ অক্টোবর থেকে পৃথক দুই ইউনিয়ন পরিষদে কার্যকর প্রশাসনিক দায়িত্ব পালনে জটিলতা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। জন্মনিবন্ধন সংশোধন, নতুন জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্রসহ গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা জুলহাস ও মাহবুব আলী জানান, প্রতিদিন শত শত মানুষ প্রয়োজনীয় নাগরিক সেবা নিতে ইউনিয়ন পরিষদে আসছেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে তাঁদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সপ্তাহের পর সপ্তাহ নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হলেও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ নেই। প্রশাসনিক জটিলতা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, প্রবাসী, বয়স্ক ভাতাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন। স্থানীয় সচেতন মহলের মতে, একটি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন চেয়ারম্যান কিংবা কার্যকর দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে সাধারণ মানুষের মৌলিক নাগরিক সেবা পাওয়ার অধিকার ক্ষুণ্ন হচ্ছে। দ্রুত এ সংকটের সমাধান প্রয়োজন। স্থানীয় সরকার বিভাগ, আইন-১ শাখার ৪ নভেম্বর ২০২৬ তারিখের স্মারকপত্রে দুই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক পরিস্থিতির বিষয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে। স্মারকপত্রের তথ্য অনুযায়ী, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মাস্টারকে ২০২৪ সালের ১৫ আগস্ট অপসারণ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) নীগার সুলতানাকে পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি বদলিজনিত কারণে দীর্ঘদিন পরিষদে দায়িত্ব পালন করতে পারেননি। সম্প্রতি তিনি চাঁদপুর সদর উপজেলায় বদলি হয়েছেন। ফলে পরিষদের স্বাভাবিক কার্যক্রমে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে, দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজীর মৃত্যুর পর পরিষদের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাও বদলি হওয়ায় সংকট আরও বেড়েছে। পরিষদ পরিচালনার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলেও সেখানে নতুন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। এদিকে উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামান রুবেল প্রতি রোববার উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর নিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন। তবে জন্মনিবন্ধন কার্যক্রমসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা এখনো ব্যাহত হচ্ছে। এ বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আসাদুজ্জামান রুবেল বলেন, গত দুই বছর ধরে পরিষদে কোনো চেয়ারম্যান বা কার্যকর প্রশাসক নেই। সাবেক সহকারী কমিশনার (ভূমি) নীগার সুলতানাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হলেও তিনি একবারও পরিষদে আসেননি। গত মাসে তিনি চাঁদপুর সদর উপজেলায় বদলি হয়েছেন। প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জন্মনিবন্ধন ছাড়া অন্যান্য কিছু কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তিনি দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। গত দুই মাসেও কেন নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি, তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক ভালো বলতে পারবেন। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যাতে জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা পান, তা নিশ্চিত করা হবে। এলাকাবাসীর দাবি, দ্রুত দুই ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও প্রয়োজনীয় প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দিতে হবে। একই সঙ্গে জন্মনিবন্ধনের রেজিস্টার আইডি সচল করে সব ধরনের নাগরিক সেবা স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।