প্রকাশ : ... | ... | ...

এমপির বিভ্রান্তিকর ছবি প্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ


সংযুক্ত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিভ্রান্তিকর ছবি ফেসবুকের ভুয়া আইডিতে পোস্ট করার প্রতিবাদে রামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন"। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে রামগঞ্জ পৌরসভার গেটসংলগ্ন লাভ গার্ডেন প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের নামে মিথ্যা, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে। বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার প্রবণতা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বক্তারা। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ভুয়া প্রচারণা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএস মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, গিয়াস উদ্দিন পলাশ, মিয়া আলমগীর হোসেন, তোফায়েল আহমেদ এবং সাবেক পৌর কাউন্সিলর জনি মজুমদারসহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।