ডিসমিস ল্যাব এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেয়া
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে এর সত্যতা যাচাই করে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘ডিসমিসল্যাব’। প্রতিষ্ঠানটি মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ছবিটি গুগলের সিন্থআইডি (SynthID) প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে দেখা যায়, ছবিটির কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে। ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, সিন্থআইডি হিটম্যাপ বিশ্লেষণে ট্রেতে সাজানো মদ ও চানাচুরের দৃশ্যের অংশে সিন্থআইডি ওয়াটারমার্ক শনাক্ত করা গেছে। এ তথ্য থেকে ধারণা পাওয়া যায় যে, ছবিটির ওই অংশ এআই প্রযুক্তির মাধ্যমে সংযোজন বা সম্পাদনা করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ছবিটির মূল অংশ ও এআই-সম্পাদিত অংশের মধ্যে পার্থক্য শনাক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটিকে সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে এমপি শাহাদাত হোসেন সেলিমকে ঘিরে প্রচারিত ছবিটির অন্তত একটি গুরুত্বপূর্ণ অংশ এআই প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন বা সংযোজন করা হয়েছে বলে ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনে উঠে এসেছে।