প্রকাশ : ... | ... | ...

রায়পুরে হাসনাত: জনগণের প্রত্যাশা পূরণ না হলে মাঠে নামব


সংযুক্ত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে তারা মাঠে নামতে বাধ্য হবেন। শুক্রবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর শহরের ট্রাফিক মোড়ের ওসমান চত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে শহরের ফুড ল্যান্ডের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। পরে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে সহযোগিতার আশ্বাস দেন তিনি। বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা পুরোনো খেলায় নতুন খেলোয়াড় হতে আসিনি, বরং খেলার নিয়ম পরিবর্তন করতে এসেছি। তরুণ প্রজন্মকে এই দায়িত্ব নিতে হবে। তাদের ঘরে ঘরে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে নতুন সমাজ গড়ে তুলতে হবে।” তিনি অভিযোগ করে বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ফল ঘোষণার আগেই ভোট কারচুপি হয়েছে। এছাড়া সর্বশেষ নির্বাচনে ফল প্রকাশের পরও ভোটের ফল পরিবর্তনের অভিযোগ তুলে তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও চূড়ান্ত ফলে বিএনপি সেই ভোট নিজেদের পক্ষে নিয়ে গেছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সংস্কার কার্যকর করা সম্ভব নয়। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার ছয় মাসে একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১৬-১৭ বছর নির্যাতনের শিকার অনেক ত্যাগী নেতা-কর্মী এখন মূল্যায়ন পাচ্ছেন না। তাদের উদ্দেশে তিনি বলেন, এনসিপির দরজা সব সময় খোলা। একই সঙ্গে তিনি বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগও তোলেন। জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রায়পুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা মাহবুব আলম, জেলা নেতা আরমান হোসেন, সাদ্দাম হোসেন সুজা উদ্দিন ও আরিফ হোসেন প্রমুখ।