জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমানো লক্ষ্মীপুরের রামগঞ্জের প্রবাসী শ্রমিক মিল্লাত হোসেন (৪২) কর্মস্থলে দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে নির্মাণকাজের সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত মিল্লাত হোসেন রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। প্রায় ১০ বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় তিনি মালয়েশিয়ায় যান এবং সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের ভাই ও পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন বলেন, "পরিবারের ভাগ্য বদলাতে ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিল। কাজের সময় ১০ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে—এমন খবর কখনো কল্পনাও করিনি।" দুর্ঘটনার খবর দেশে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। হাসনাবাদ এলাকায়ও বিরাজ করছে শোকের আবহ। মৃত্যুকালে মিল্লাত হোসেন স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগ কামনা করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।